কলকাতা, ৩১ জুলাই, ২০২১ঃ মেট্রো রেল কর্তৃপক্ষ শিয়ালদহ স্টেশন পর্যন্ত আংশিকভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ৬.৯৭ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো পরিষেবা চালু হয়েছে। শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে শিয়ালদহ স্টেশন এবং আরও ২.৩৩ কিলোমিটার পথ এই মেট্রো করিডরে যুক্ত হবে। তবে এই করিডরে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু করতে গেলে ট্রায়াল রান চালিয়ে 'স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ণকারী' (আইএসএ) থেকে বাধ্যতামূলকভাবে ছাত্রপত্র নিতে হবে। সেই ট্রায়াল রানের সূচনা হল আজ। প্রায় ৩ মাস ধরে আইএসএ এই ট্রায়াল রান খতিয়ে দেখবে । এদিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী মনোজ যোশী, ম্যানেজিং ডিরেক্টর শ্রী মানস সরকার, মেট্রো রেলের বরিষ্ঠ আধিকারিক এবং কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমি়টেডের অধিকর্তাও এই ট্রায়াল রানের সূচনায় উপস্থিত ছিলেন। অন্যান্য বিভাগের মতো এখানেও বাণিজ্যিকভাবে যাত্রী সাধারণের জন্য এই পরিষেবা শুরু হওয়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ট্রায়াল রান শেষ হলে এবং আইএসএ থেকে ছাড়ের শংসাপত্র পাওয়া গেলে মেট্রো রেলওয়ে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু করার জন্য ব্যবস্থা নেবে। ট্রায়াল রান শেষে শ্রী যোশী শিয়ালদহ মেট্রো প্ল্যাটফর্ম, মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের দরজা, লিফট, এস্কেলেটর এবং স্টেশনে যাত্রীদের জন্য যে সুবিধার ব্যবস্থা করা হয়েছে তাও পরিদর্শন করেন।
