সামশেরগঞ্জে সেনকো গোল্ডে দুঃসাহসিক ডাকাতি, আগ্নেয়াস্ত্রের মুখে লুট বিপুল সোনার গয়না

সামশেরগঞ্জে সেনকো গোল্ডে দুঃসাহসিক ডাকাতি, আগ্নেয়াস্ত্রের মুখে লুট বিপুল সোনার গয়না

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার অদূরে রতনপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। খদ্দের সেজে একটি সোনার দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে কর্মী, নিরাপত্তারক্ষী এবং উপস্থিত গ্রাহকদের জিম্মি করে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ এক মহিলা-সহ কয়েকজন দুষ্কৃতী রতনপুর এলাকার সেনকো গোল্ডের শোরুমে কাস্টমার সেজে প্রবেশ করে। প্রথমে তারা স্বাভাবিকভাবে গয়না দেখার ভান করলেও কিছুক্ষণের মধ্যেই আচমকা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র বের করে দোকানের কর্মী, নিরাপত্তারক্ষী এবং উপস্থিত গ্রাহকদের ভয় দেখাতে শুরু করে। নিরাপত্তারক্ষীর অভিযোগ, তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই দোকানের কাউন্টার ও প্রদর্শনী কেস থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় নাকা তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তবে ঠিক কত পরিমাণ সোনা লুট হয়েছে, তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দিনের আলোয় থানার অদূরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন