মালদায় এক রাতেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই অস্ত্রগুলি বিহার থেকে পাচার করে আনা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে।
প্রথম ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় মইনুল হাসান নামে এক যুবককে। বয়স প্রায় ২০ বছর। তার কাছ থেকে উদ্ধার হয় ১০টি পাইপগান, একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল মইনুল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে সে। ধৃত মইনুল হাসানের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মির্জাতপুর এলাকায়।
অন্যদিকে, একই রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে আনারুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বয়স ৪৫ বছর। তার কাছ থেকে উদ্ধার হয় চারটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড কার্তুজ। আনারুল হকের বাড়ি মালদা জেলার গোলাপগঞ্জ এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ধৃত দু’জনের সঙ্গে একটি বড় অস্ত্র পাচার চক্রের যোগসূত্র রয়েছে। বিহার থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র মালদায় আনা হয়েছিল বলেই সন্দেহ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মালদা জেলায় বেআইনি অস্ত্র পাচার রুখতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।
