পদ্মা নদীতে নিখোঁজ শিশু আরিয়ানের দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

পদ্মা নদীতে নিখোঁজ শিশু আরিয়ানের দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

ভগবানগোলা, বৃহস্পতিবার, ১৫ মে: পদ্মার শাখানদী থেকে উদ্ধার হল আট বছরের ছোট্ট আরিয়ান শেখের নিথর দেহ। খড়িবোনা সংলগ্ন অঞ্চলে আজ সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ তৎপরতায় এই দেহ উদ্ধার হয়। তারপর প্রশাসনের তত্ত্বাবধানে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

গতকাল দুপুরে রানিতলা থানার অন্তর্গত নসিপুর পূর্বপাড়া এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আরিয়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে নদীর ধারে মাছ ধরার সময় হঠাৎ জলে পড়ে যায়। সেই থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। টানা একদিন ধরে চলে খোঁজাখুঁজি, যেখানে স্থানীয়দের পাশাপাশি বহরমপুর থেকে আসা বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও অংশ নেন।

শেষপর্যন্ত আজ সকালে খড়িবোনার কাছে এক শাখানদী থেকে তার মৃতদেহ পাওয়া যায়। খবর ছড়াতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। নদীর তীরে জড়ো হয় শত শত মানুষ—সবার চোখেই জল, হৃদয়বিদারক দৃশ্য।

পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি, প্রশাসনের তরফ থেকে পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনার পর এলাকাবাসীদের একটাই প্রার্থনা—ভবিষ্যতে আর কোনও শিশু যেন এমন মর্মান্তিক পরিণতির শিকার না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন