দৌলতাবাদ: শিয়ালের আক্রমণে জমিতে যাওয়া এক মহিলা নাসিমা বিবির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সকাল ৭টা নাগাদ দৌলতাবাদের কালুপুর নওদাপাড়া এলাকার বাসিন্দা নাসিমা বিবি জমিতে কাজ করতে যান। সেই সময় হঠাৎ একটি শিয়াল তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।
এই আক্রমণে তাঁর শরীরের একাধিক জায়গায় গুরুতর ক্ষত সৃষ্টি হয়। এরপর দ্রুত তাঁকে হরিহরপাড়া বড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ। এরপর তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি অ্যান্ড বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভর্তির পাঁচ দিন পর বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাসিমা বিবির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে যথাযথ চিকিৎসা ও সঠিক ভ্যাকসিন না পাওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়রাও একই অভিযোগ তুলে চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে চিকিৎসা দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
