ডাক্তারের অবহেলায় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মৃত্যু এক প্রসূতি মায়ের

 

Jangipur SD Hospital

জঙ্গীপুরঃ জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মৃত্যু এক প্রসূতি মায়ের। ডাক্তার ও নার্সদের অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম রোজিনা বিবি (৩৩)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরে। গর্ভবতী হওয়ার পর থেকেই ডাক্তার বাবুল চন্দ্রদের কাছে চিকিৎসাধীন ছিলেন। সেই ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রে প্রচন্ড প্রসব বেদনায় ছটফট করতে থাকলেও ডাক্তার বা নার্সদের দেখা মেলেনি এমনকি প্রসূতির আত্মীয়রা ডাক্তার এবং নার্সদের ডাকাডাকি করলেও কোন ধরনের কর্ণপাত করেননি তিনারা। ডাক্তার ও নার্সদের অনুপস্থিতিতেই প্রসব হয় এবং কন্যা সন্তানের জন্ম দেন। তার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সারা রাত্রি ব্যাপি রক্তক্ষরণ ফলে প্রসূতি মায়ের আশঙ্কাজনক অবস্থা হয়। সকালে ডাক্তার এসে দেখেন রক্তক্ষরণ হওয়ার ফলে প্রসূতি মায়ের আশঙ্কাজনক অবস্থা। ডাক্তার প্রসূতির আত্মীয়দের দ্রুত রক্তের ব্যবস্থা করতে বলেন। রক্তের ব্যবস্থা হলেও হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও নার্সরা তাদের সাথে দুর্ব্যবহার করায়, রক্ত পৌঁছাতে দেরি হয় ও প্রসূতি মায়ের মৃত্যু ঘটে। পরিবারের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন