গাজার উত্তর অঞ্চলের শেখ রদওয়ান স্বাস্থ্যকেন্দ্রে হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, পোলিও টিকাদান অভিযানের তৃতীয় ধাপ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
WHO-এর মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়েসুস এক পোস্টে জানান, হামলাটি এমন এক সময় ঘটে যখন অভিভাবকেরা তাদের সন্তানদের পোলিও টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসছিলেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা শিশুদের স্বাস্থ্যকে বিপন্ন করছে এবং অভিভাবকদের টিকাদানের ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে।
WHO ও UNICEF-এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজায় শিশুদের নিরাপদে টিকা দিতে একটি মানবিক বিরতি অনুমোদিত হয়েছিল। তবে নিরাপত্তা জনিত সমস্যার কারণে প্রায় ১৫,০০০ শিশুর কাছে টিকা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) অবশ্য দাবি করেছে, তারা ওই এলাকায় কোনো ধরনের হামলা চালায়নি। IDF এক বিবৃতিতে জানিয়েছে, এই টিকাদান অভিযানটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।
Tags:
আন্তর্জাতিক
