বহরমপুর: রঘুনাথগঞ্জ ১ নং ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হামিদুল সেখ। কানুপর অঞ্চলের ঘোরশালা গ্রামের বাসিন্দা হামিদুল সেখ ছাত্রজীবন থেকেই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এতদিন ব্লক সম্পাদক মণ্ডলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
দীর্ঘ ১৪ বছর ধরে রঘুনাথগঞ্জ ১ নং ব্লকের সভাপতির দায়িত্ব পালন করছিলেন হাসানুজ্জামান বাপ্পা। তবে বিগত কয়েক বছর ধরে ব্লকের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ে এবং অচলাবস্থা তৈরি হয়। ফলে পার্টির হাসানুজ্জামান বাপ্পাকে জেলা কংগ্রেস দুই পদ থেকে অব্যাহতি দেয়।
ব্লকের স্থবিরতা কাটাতে অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে শনিবার বহরমপুর পার্টি কার্যালয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রায় ২০০ জন নেতা-কর্মী অংশ নেন। অধীর রঞ্জন চৌধুরী হামিদুল সেখকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগের ঘোষণা দেন এবং সংগঠনের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস হামিদুল সেখের হাতে নিয়োগপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন জঙ্গীপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো, অজয় চ্যাটার্জী, মোস্তাফা সেখ ও রাহেদ সহ অন্যান্য নেতারা।
