সংবাদদাতা, ধুলিয়ান: বই প্রেমীদের জন্য আবারও ফিরে এল সেই আকাঙ্ক্ষিত আয়োজন। ২৭শে জানুয়ারি (সোমবার) বেলা ২টা থেকে শুরু হয়েছে সামশেরগঞ্জ বইমেলা ২০২৫, যা চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় বছরে পা রাখা এই বইমেলাটি আয়োজন করা হয়েছে ধুলিয়ানের কাঞ্চনতলা জে. ডি. জে ইনস্টিটিউশনের প্রাঙ্গণে।
মেলার সূচনা হয় এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে, যাতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ও রাজনীতিবিদরা।
বইমেলার প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তাঁর পাশাপাশি মঞ্চে ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারের পরিচালক ড. মোঃ মাহবুবুর রহমান, জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা, বইমেলার স্মরণিকার সম্পাদক ও ডি.এন.সি কলেজের লাইব্রেরিয়ান মহঃ নুরুল ইসলাম, এবং কাঞ্চনতলা জে. ডি. জে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাচন্ড বি. জে হাই স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান, ডি.এন.সি কলেজের এনসিসি কো-অরডিনেটর রামকৃষ্ণ মহান্তি, আমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী, কবি ও লেখক মোঃ ইজাজ আহামেদ, এবং সাহিত্যপ্রেমী কল্যাণ গুপ্ত।
বইমেলায় থাকছে স্থানীয় প্রকাশনীর স্টল, বিভিন্ন সাহিত্য আলোচনা সভা, কবিতা পাঠ, এবং শিশুদের জন্য বিশেষ বই কর্নার।
এই উদ্যোগ সামশেরগঞ্জ তথা মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক পরিসরে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে বইয়ের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই এই আয়োজন, এমনটাই মত উদ্যোক্তাদের।
