বংশবাটী পঞ্চায়েতে বিজেপির দুই সদস্য তৃণমূলে, কার্যত বিরোধীশূন্য বোর্ড

BJP members joined Trinamool under the leadership of Jakir Hossain

রনি সেখ ও মহম্মদ হোসেন, জঙ্গিপুর: জঙ্গিপুরের বংশবাটী লক্ষ্মী মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত এক জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দুই সদস্য। এই অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন। ২রা ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বংশবাটী গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ১৭টিতে। নতুন এই দুই সদস্যের যোগদানের ফলে বর্তমানে ওই বোর্ডে কার্যত কোনও বিরোধী সদস্য থাকছে না।

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলির একের পর এক সদস্যের তৃণমূলে যোগদান দলটির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করছে।

এ বিষয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, "তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ দেখে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিচ্ছেন।"

যদিও বিজেপির তরফে এক স্থানীয় নেতা বলেন, "দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ অন্য দলে গেলে, সাধারণ মানুষই তার যোগ্য জবাব দেবে।"

রাজনীতির এই রং বদল সামনের দিনে আরও চমক আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন