ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জেলা সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

Digital Media Federationer Jela Sammelon

সংবাদদাতা, বহরমপুর:রাত পেরোলেই বহরমপুর কালেক্টরেট হলে অনুষ্ঠিত হতে চলেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা সম্মেলন। এই বিশেষ সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন গ্রামবাংলার কোণায় কোণায় কাজ করে চলা দুই শতাধিক ডিজিটাল সাংবাদিক, যাঁরা নীরবেই বছরের পর বছর ধরে সত্যের পথে চলেছেন এবং সমাজের নানা স্তরের খবর তুলে ধরেছেন মানুষের সামনে। তাঁদের কর্মনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই সম্মেলন হতে চলেছে এক ঐতিহাসিক মিলনমেলা।

সম্মেলনের মঞ্চ থেকে সাংবাদিকদের একাধিক দাবি-দাওয়া ও প্রস্তাব তুলে ধরা হবে, যা ডিজিটাল সাংবাদিকতার পরিকাঠামো ও ভবিষ্যতের দিকনির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা, যাঁরা সাংবাদিকদের বক্তব্য শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেবেন বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা।

গত এক মাস ধরে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে তৎপর রয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা শাখা।

শহরের বিভিন্ন জায়গায় আলোচনাসভা ও প্রচার কার্যক্রমের মাধ্যমে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

এই জেলা সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র ডিজিটাল সাংবাদিকদের দাবি তুলে ধরা নয়, বরং তাঁদের প্রতি সমাজের সম্মান এবং সহযোগিতা প্রতিষ্ঠিত হোক — এটাই আয়োজকদের মূল বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন