সংবাদদাতা, জঙ্গীপুর: কালিগঞ্জে সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়লাভের পর তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন তৃণমূলের বাহিনীর ছোড়া সকেট বোমার আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক শিশু ছাত্রী। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ ও দোষী তৃণমূল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রঘুনাথগঞ্জ ১নং ও ২নং ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।
সম্মতিনগর থেকে শুরু হয়ে রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করে এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২নং ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস, ১নং ব্লক কংগ্রেস কমিটির হামদুল সেখ, জঙ্গীপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো, কংগ্রেস নেতা অজয় চ্যাটার্জী, পলাশ সাহা সহ যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দ।
পথসভায় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস।
