রানীনগরে অধীর চৌধুরীকে ঘিরে উত্তেজনা, জেলাজুড়ে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

রানীনগরে অধীর চৌধুরীকে ঘিরে উত্তেজনা, জেলাজুড়ে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

সংবাদদাতা, জঙ্গীপুর: ২৬ জুলাই (শুক্রবার) রানীনগরের গোয়াস মোড়ে এক রাজনৈতিক উত্তেজনার ঘটনায় কেন্দ্রীয় রাজনীতির অন্যতম মুখ ও সর্বভারতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। কংগ্রেসের দাবি, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী পরিকল্পিতভাবে তাঁকে হেনস্থা ও দুর্ব্যবহার করার চেষ্টা করেন। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সরব হন। মঙ্গলবার ঘুনাথগঞ্জ ১নং ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে এবং ফুলতলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হামদুল সেখ, টাউন সভাপতি মোহন মাহাতো, মোস্তফা সেখ সহ অন্যান্য নেতারা। বক্তারা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, এটি কেবল একজন রাজনৈতিক নেতার উপর আক্রমণ নয়, বরং গণতন্ত্র ও রাজনৈতিক সৌজন্যের উপর আঘাত।

টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো বলেন, “জেলার নানা প্রান্তে কংগ্রেস যখন পুনরুজ্জীবনের পথে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন শাসক দল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অধীর চৌধুরীর উপর পরিকল্পিতভাবে এই ধরনের অপতৎপরতা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তবে কংগ্রেস এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে গণতান্ত্রিক পথে।”

প্রসঙ্গত, অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে জেলার রাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন