মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম আর নেই। দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রথমে তাঁকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে ২৭শে জুলাই ২০২৫-এ গ্রীন করিডোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।
শনিবার আনুমানিক সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ জনপ্রতিনিধি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূল কংগ্রেস সহ গোটা জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
তৃণমূল নেতৃত্বের একাংশ জানিয়েছেন, জাফিকুল ইসলামের মৃত্যু দলের কাছে এক বড় ক্ষতি। বহু বছর ধরে ডোমকলের মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করেছেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবেন এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর মরদেহ সোমবার ডোমকলে আনা হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হবে।
