নিজ উদ্যোগে বাঁধ মেরামতে নেমেছেন ইব্রাহিমপুরের গ্রামবাসী

নিজ উদ্যোগে বাঁধ মেরামতে নেমেছেন ইব্রাহিমপুরের গ্রামবাসী
স্বপন কারিকর, ভরতপুর:

ময়ূরক্ষীর জলে ভেসে গেছে বহু বিঘা চাষের জমি। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরক্ষী নদীর বাঁধ ভেঙে আবারো সৃষ্টি হয়েছে বিপর্যয়। কয়েক মাস আগে গত বন্যায় চাষি মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তখনও বন্যার প্রভাব পুরোপুরি কাটেনি। কিন্তু এবার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় মানুষজন তাদের হাতেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।

ইব্রাহিমপুর গ্রামের সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্যরা জিসিবি মেশিন ব্যবহার করে বাঁধের মাটি তুলে পাচার করে চলেছেন। এ কারণেই বছরের পর বছর অবহেলা ও দুর্নীতির কারণে নদীর বাঁধ দুর্বল হয়ে পড়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই অনিয়মের কারণে চাষযোগ্য জমির ক্ষতি সহ্য করা যাচ্ছে না।

ফসল বাঁচাতে গ্রামের মানুষ এখন দিন-রাত পরিশ্রমে বাঁধ মেরামত করছেন। তাঁদের দাবি, যদি প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ও কার্যকর সমাধান না আসে, ততদিন নিজেদের উদ্যোগেই এই সংগ্রাম চালিয়ে যাবেন। স্থানীয়রা আশাবাদী, বাঁধটি সঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর চাষের জমি নদীর জলে হারাতে হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন