কলকাতা: টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর, বালিগঞ্জ, কালিকাপুর, গড়িয়া সহ দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকা হাঁটু সমান জলে ডুবে গেছে। একই ছবি উত্তর কলকাতাতেও দেখা গিয়েছে। তবে গতকালের তুলনায় দক্ষিণ কলকাতাতেই বৃষ্টিপাত বেশি হয়েছে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গতরাতে সর্বাধিক বৃষ্টি হয়েছে কামডহরিতে (গড়িয়া) ৩৩২ মিলিমিটার। যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালিঘাটে ২৮০.২ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার, বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার, চেতলায় ২৬২ মিলিমিটার, মোমিনপুরে ২৩৪ মিলিমিটার, কুদঘাটে ২০৩.৪ মিলিমিটার এবং উল্টোডাঙায় ২০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও চিংড়িহাটা, পামার বাজার, ধাপা, সিপিটি ক্যানেল, পাগলাডাঙা (ট্যাংরা), কুলিয়া (ট্যাংরা) ও ঠনঠনিয়াতেও ব্যাপক বৃষ্টি হয়েছে।
শুধু কলকাতাই নয়, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকাতেও বৃষ্টির প্রভাব পড়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ওই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের আশঙ্কায় প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
