শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এক বড় পদক্ষেপ নিল জঙ্গীপুর জেলা পুলিশ। জঙ্গীপুর পুলিশ ফাঁড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আধুনিক ও অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত কন্ট্রোল রুমের।
জঙ্গীপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ স্থান, প্রধান সড়ক, অলিগলি ও পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় ৯০০টি সিসিটিভি ক্যামেরা বসানো সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, জঙ্গিপুর কন্ট্রোল রুমে ৫০টি হাই-রেজোলিউশন মনিটরিং ক্যামেরা যুক্ত হয়েছে এবং আগামী দিনে আরও ৭০০টি ক্যামেরা স্থাপনের কাজ হবে।
পুলিশ সুপার বলেন এই কন্ট্রোল রুমের মাধ্যমে শহরের প্রতিটি নড়াচড়া রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাবে। ফলে অপ্রত্যাশিত ঘটনা, অপরাধমূলক কার্যকলাপ বা চুরির মতো অপরাধ দমন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হবে।”
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম, এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ পাল সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের ফলে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। নাগরিকদের আস্থা বাড়বে পুলিশের ওপর, এবং অপরাধ প্রতিরোধে তৈরি হবে এক নতুন নজির।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশের এই আধুনিক পদক্ষেপে তারা আরও নিরাপদ বোধ করছেন।
