সালার কাটোয়া রাজ্য সড়কের ক্যানাল পাড় এলাকায় রাতের অন্ধকারে ঘটে গেল পাশবিক ঘটনা। পুলিশের দ্রুত পদক্ষেপে ফিরল আস্থা।
সালান: মুর্শিদাবাদের সালারে এক চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা সামনে আসায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার রাতে ১৪ বছরের এক নাবালিকাকে পাঁচজন দুষ্কৃতী মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর সালার থানার পুলিশের তৎপরতায় রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে গ্রিনপ্লেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরছিল। সালার কাটোয়া রাজ্য সড়ক সংলগ্ন সালার ক্যানাল পাড় এলাকায় পৌঁছলে পাঁচজন দুষ্কৃতী তাদের পথ আটকায়। দুষ্কৃতীরা তাদের মারধর শুরু করলে নাবালিকার বন্ধু সেখান থেকে পালাতে সক্ষম হন। এরপর ওই নাবালিকাকে পাঁচজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেয় সালার থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে রাতারাতি অভিযান চালিয়ে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সালার থানার ওসি তুষার মজুমদার জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না, আইনের চোখে সবাই সমান। আমরা বাকি পলাতকদেরও দ্রুত গ্রেফতার করব।’ পুলিশের এই দ্রুত ও কার্যকরী ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকটাই আস্থা ফিরিয়ে এনেছে। তারা চাইছেন, বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ জানিয়েছে, বাকি তিন পলাতকের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।
