খড়গ্রামে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্রে গ্রেফতার অভিযুক্ত

খড়গ্রামে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, সিসিটিভির সূত্রে গ্রেফতার অভিযুক্ত
খড়গ্রাম, মুর্শিদাবাদ | সংবাদদাতা

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল খড়গ্রাম থানার পুলিশ। গত ২০শে মে ২০২৬ তারিখে খড়গ্রামের এডিএসআর (ADSR) অফিসের সামনে থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে খড়গ্রাম থানায় একটি চুরির মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে তদন্তের দায়িত্ব পান এসআই সুব্রত দেবনাথ। তদন্ত চলাকালীন একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

তদন্তের ভিত্তিতে পুলিশ মল্লারপুর থানার ঘোষগ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দলুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের জেরায় অভিযুক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা যায়।

পরবর্তীতে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। এই সাফল্যে খড়গ্রাম থানার পুলিশের তৎপরতা ও পেশাদার তদন্তের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন