ভাগীরথী নদীর ধারে দফরপুর ও ধনপতনগর অঞ্চলে নদীভাঙন দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলেছে। বসতভিটা, চাষের জমি হারিয়ে বহু পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
এই সমস্যার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিধায়ক জাকির হোসেনের কাছে আবেদন জানালে, তিনি দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই অনুযায়ী সম্প্রতি দফরপুর অঞ্চলের ঘাটপাড়া ও জঙ্গীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধনপতনগরে নদী প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে।
নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ, মাটি ফেলা ও পাথর বসানোর কাজ চলছে বলে জানা গেছে। পুরো কাজের তদারকিতে রয়েছেন দফরপুর অঞ্চলের প্রধান মঞ্জুর আলী, অঞ্চল সভাপতি কামারুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সদস্য নাজিমুদ্দিন খান এবং জঙ্গীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল।
স্থানীয়দের মতে, “এই কাজ বাস্তবায়িত হলে বহু পরিবার রক্ষা পাবে এবং কৃষিকাজও স্বাভাবিকভাবে চলতে পারবে।” এলাকাবাসী বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
