![]() |
| জঙ্গীপুরে পুলিশ দিবসে হেলমেট বিতরণ করা হচ্ছে |
![]() |
| পুলিশ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ |
পুলিশ দিবসকে সামনে রেখে সচেতনতার বিশেষ বার্তা পৌঁছে দিল জঙ্গীপুর জেলা পুলিশ। সোমবার সকালে রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে ও জঙ্গীপুর পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় জঙ্গিপুর হলুদ মিল মোড়ে অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁদের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয়। বিশেষভাবে সম্মানিত করা হয় তাঁদের, যারা দুর্ঘটনা কিংবা অন্য কোনো অপ্রতিকর ঘটনার খবর দ্রুত পুলিশকে জানিয়ে সমাজে মানবিক ভূমিকা পালন করেছেন।
দিনের বিশেষ আকর্ষণ ছিল হেলমেট বিতরণ কর্মসূচি। রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কে হেলমেট ছাড়া মোটরবাইক আরোহীদের থামিয়ে এক একটি হেলমেট উপহার দেন পুলিশকর্তারা। শুধু হেলমেট নয়, পথ নিরাপত্তা নিয়ে প্রচারও করা হয়। পাশাপাশি সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অংশ হিসেবে বাইক র্যালির মাধ্যমে গোটা শহরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “সচেতন নাগরিকরাই পুলিশের প্রকৃত সহযাত্রী। দুর্ঘটনা এড়াতে হেলমেট পরা শুধু আইন নয়, জীবন রক্ষার প্রতিশ্রুতি। আমাদের আজকের এই প্রচেষ্টা নাগরিকদের নিরাপদ যাত্রার জন্য।”
এই কর্মসূচিতে জেলা পুলিশের পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, এসডিপিও প্রবীর মণ্ডল, ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম, সৌমজিৎ বড়ুয়া, রেভিনিউ ইন্সপেক্টর শুভেন্দু চ্যাটার্জী, পুলিশ ফাঁড়ির ওসি পলাশ পাল ও ট্রাফিক ওসি মংলু হাসদা উপস্থিত ছিলেন।

